ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

ডিসেম্বরে নাসিক নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নির্বাচনী হাওয়া

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

 

ইন্দো বাংলা সংবাদ ।। আগামী ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নির্বাচনী হাওয়া। নগরীর প্রতিটি ওয়ার্ডে বর্তমান ও সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকদের ডিজিটাল প্রচার কার্যক্রম শুরু হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট দিন তারিখ ঠিক হয়নি। তবে প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষদের চায়ের আড্ডার মূল প্রতিপাদ্য এখন এই নির্বাচন। সবাই পছন্দের সম্ভাব্য প্রার্থী বিষয়ে আলাপ-আলোচনা করছে। যারা বর্তমানে জনপ্রতিনিধি আছেন, আর ভবিষ্যতে যারা প্রতিনিধি হতে চান, তাদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে একটা বিষয়ে সবাই একমত,সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন এমন ব্যক্তিকেই তারা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সব মিলিয়ে সিটি করপোরেশন এলাকায় হাওয়া লেগেছে নির্বাচনী পালে।

নাসিক নির্বাচন ঘিরে সরব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এসব মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা বিগত সময়ে তাদের উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডের স্থিরচিত্র তুলে ধরছেন। বিগত সময়ের মতো সামনেও সাধারণ মানুষদের পাশে থেকে সেবা করতে চান বলে মত প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। পাশাপাশি তাদের সমর্থকরাও ফেসবুকে রয়েছেন সক্রিয়। পুরাতনদের পাশাপাশি নতুনরাও ডিজিটাল প্রচার শুরু করেছেন। অনেকে বড় বড় ডিজিটাল ব্যানার লাগিয়ে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছে। ফেসবুকেও সরব রয়েছেন।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ও বন্দরের কদম রসূল- এই তিন পৌরসভাকে ভেঙে ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকায় রয়েছে ১০টি ওয়ার্ড। জানা যায়, এ অঞ্চলের প্রার্থী ও সাধারণ মানুষদের মধ্যে আসন্ন নাসিক নির্বাচন নিয়ে একটু বেশিই জল্পনা-কল্পনা। এ এলাকার কয়েকটি ওয়ার্ডে নির্বাচন নিয়ে বেশ প্রতিদন্ধিতাও হবে বলে স্থানীয়রা জানান। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন নিয়ে  বিভিন্ন প্রার্থীদের পরিচিতি ও তাদের ভবিষ্যত পরিকল্পনা আমাদের ‘নাসিক নির্বাচনী ভাবনা’ শিরোনামে নিয়মিত প্রচারনা দ্রæত শুরু করা হবে।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন