ঢাকামঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

মাংকিপক্স সন্দেহে ভারত থেকে আসা একজন আইসোলেশনে

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ১৬, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। চিকেনপক্স নিয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা বাংলাদেশি এক নাগরিককে মাংকিপক্স সন্দেহে আইসোলেশনে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুন) দুপুরের দিকে আব্বাস আলী (৪২) নামে এই যাত্রী বেনাপোল বন্দরে আসেন। চেকপোস্টে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিনা আক্তার রুম্পা তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এরপর তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল চেকপোস্টে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আব্বাস আলী গত ৩ জুন ভারতে যান। শুক্রবার দুপুরে ভারত থেকে ফেরার সময় তার শরীরে মাংকিপক্সের মত উপসর্গ দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্রুত তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকেনপক্সে আক্রান্ত বলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

বেনাপোল চেকপোস্টের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিনা আক্তার রুম্পা বলেন,পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। সে মূলত চিকেনপক্সে আক্রান্ত। তাকে বিশেষ ব্যবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, ওই ব্যক্তি শুক্রবার দুপুরে ভারত থেকে দেশে ফেরার পর ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে তার শরীরে বড় বড় পক্সের উপসর্গ দেখে দ্রুত তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠাই। পরে জেনেছি, তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন,ভারতফেরত আব্বাস আলী নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকেনপক্সে আক্রান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আজ শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করে নমুনা ল্যাবে পাঠানো হবে। তারপর সঠিকভাবে সবকিছু বলা যাবে।

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন