শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
ইন্দো বাংলা সংবাদ ।। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ ও বিশ্বনেতারা বিশেষ আমন্ত্রণে জাতিসংঘে নিয়ে গেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর যে বিশ্বময় ভূমিকা, বাংলাদেশকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, এমনকি করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখে বাংলাদেশকে যেভাবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির স্থানে নিয়েছেন, এসব গল্প বিশ্বনেতারা তার কাছে শুনতে চেয়েছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান বিষয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, দেশের উন্নয়নে বিশ্বনেতাদের প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা সমালোচনা করছে। প্রধানমন্ত্রীর বেশিরভাগ সফরসঙ্গীই নিজ খরচে গেছেন, সেটা রিজভী আহমেদ সাহেবের জানা উচিত ছিল, অথবা তিনি জেনেও না জানার ভান করছেন। এর আগে সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, যেভাবে তাদের একেকজন বক্তব্য দিচ্ছেন, তাতে বিএনপির সিরিজ বৈঠকের ফলাফল শূন্য বলে মনে হচ্ছে। জনবিচ্ছিন্ন বিএনপি সিরিজ বৈঠক করে কোনো দিশা-কূল-কিনারা পায়নি, কিন্তু তারা ষড়যন্ত্রের মধ্যেই লিপ্ত।
এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব আব্দুল মমিন মণ্ডল প্রমুখ।
সকালে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রধান।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
