ঢাকাসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ১৫, ২০২২ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৭৫০ কেজি আনারস পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক সমন্বিত চেকপোস্টের শূন্য রেখায় ১০০টি কার্টনে মোট ৬০০টি আনারস হস্তান্তর করা হয়। ত্রিপুরার উদ্যানতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের এটাশে মনিষ সিংয়ের কাছে আনারসগুলো হস্তান্তর করেন।

ডা. মানিক সাহা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এই প্রথম এত বিপুল পরিমাণ আনারস উপহার হিসেবে পাঠানো হলো। এর আগে গত ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ৮০০ কেজি আম্রপালি জাতের আম উপহার দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিন সপ্তাহ পর ত্রিপুরা রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য ফল হিসেবে “কিউ” জাতের আনারস উপহার হিসেবে পাঠানো হলো।

ত্রিপুরার উদ্যানতত্ত্ব বিভাগের কর্মকর্তা ডা. দীপক বৈদ্য বলেন, কিউ জাতের আনারস ত্রিপুরার অভ্যন্তরীণ বাজারে খুবই জনপ্রিয়। এই আনারস দুবাই ও কাতারে রপ্তানি করা হয়েছে এবং খুব ভালো সাড়া পাওয়া গেছে। উপহার হিসেবে পাঠানো প্রতিটি আনারসের ওজন সোয়া ১ কেজি।

বাংলাদেশে বাণিজ্যিকভাবে আনারস রপ্তানির বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, এর আগে আনুষ্ঠানিকভাবে এই জাতের আনারস বাংলাদেশে রপ্তানি করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে নিজস্ব আনারস চাষের আগ্রহের কারণে ২০১৮ সালের পরে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।

উপহারের এই আনারস ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনের এটাশে মনিষ সিং।

আনারসগুলো হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আনিসুল হক ভূঁইয়া, আগরতলা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রাণেশ ধর, ত্রিপুরার ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ শিং, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ আবু বক্কর প্রমুখ।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন