শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
ইন্দো বাংলা সংবাদ ।। বাংলাদেশের চট্টগ্রামের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার বিকাল ৫ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। চট্রগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, এ ঘটনায় ছয় জন মারা গেছে। ১৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‘সীতাকুন্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুন্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি। তিনি বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায়। সন্ধ্যা ৬টার দিকে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে বিকট শব্দে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন লেগে যায়। এতে কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলন, ছয় জনের লাশ এসে হাসপাতালে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। দগ্ধ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুন্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে এসেছি। উদ্ধারকাজ চলছে।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
