ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

ঢাকায় ভয়াবহ বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু, আহত শতাধিক

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ৮, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দোবাংলা সংবাদ ।।বাংলাদেশের রাজধানী ঢাকার সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঢাকার গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বিকেলে এই বিস্ফোরণের খবর জানিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থল বলা হয়েছিল গুলিস্তানের বিআরটিসির বাস কাউন্টারের পাশে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন দুটি থেকে আহত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে নিহত ১৬ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। লাশগুলো প্যাকেটবন্দী করে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন নারী। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এর আগে গত রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন। তার আগের দিন শনিবার চট্টগ্রামের সীতাকুন্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। লাশগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত অন্তত ২০ জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ১৬ জনের মৃতদেহ মর্গে রাখার কথা নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লাশঘরে স্বজনদের আর্তনাদ: ঢাকায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত নিহত ১৬ জনের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে।  নিহতদের মধ্যে দুজন নারী, বাকিরা সবাই পুরুষ। মর্গের ভেতরে স্বজনরা লাশ শনাক্তের চেষ্টা করছেন। আর মর্গের ভেতর থেকে ভেসে আসছে আর্তনাদ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জরুরি বিভাগের মর্গের সামনে থেকে আর্তনাদ শোনা যায়। দেখা যায়, স্বজনরা লাশের খোঁজ করছেন। লাশ পেলেই আর্তনাদের শব্দ বেড়ে যাচ্ছে। এক নারীকে বলতে শোনা যায়, ওরে বাবা, আমি তোকে পেলাম, কিন্তু লাশ। পরে ওই নারী বেহুঁশ হয়ে পড়েন।  ওই লাশ ঘরের দায়িত্বরত একজন জানান, অনেকেই আসছে লাশ সনাক্তের চেষ্টা করছেন আবার অনেকেই লাশ সনাক্ত করছেন। তবে যারাই স্বজনের সন্ধানে লাশ ঘরে ঢুকছেন সবাই আর্তনার চিৎকার করে কান্নাকাটি করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা রতন সজিব জানান, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় চিকিৎসার জন্য আমরা ৯০ জনকে টিকিট দিয়েছি। টিকিট ছাড়াও বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন।

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন