ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

বাংলাদেশের সেনাপ্রধান শফিউদ্দীনের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২১, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। বাংলাদেশে সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৮ জুলাই) সেনাবাহিনীর সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশে আসেন। আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান ভারতীয় সেনাপ্রধান।

দুই সেনা প্রধানের সৌজন্য সাক্ষাতের শুরুতেই জেনারেল মনোজ পাণ্ডে জানান, তিনি ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সবার আগে বৈদেশিক সফরের গন্তব্য হিসেবে বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধা এবং উভয় সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারী সম্পর্কের ভিত্তি প্রকাশিত হলো। একান্ত সাক্ষাতে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপর সেনাসদরের হেলমেট কনফারেন্স রুমে প্রতিনিধি দলের জন্য বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর রণপ্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, বিশ্ব শান্তিতে ভূমিকা এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব এবং সামগ্রিক উচ্চমান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।

সেনাসদরে আগমনের আগে জেনারেল মনোজ পান্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে জেনারেল মনোজ পান্ডে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকালে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাদুঘরটি ঘুরে দেখেন।

মঙ্গলবার জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ দেশি বিদেশি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। একইদিন সফরকারী দলটি রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবে। এ সফরের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল হবে। সফর শেষে ভারতের প্রতিনিধিদল আগামী ২১ জুলাই দেশে ফিরে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে রবিবার (১৭ জুলাই) ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশে আসেন।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন