শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
ইন্দো বাংলা সংবাদ ।। করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। এজন্য উভয় দেশের রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম ট্রেনটি হলদিবাড়ি-চিলাহাটি সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে চলবে বলে নিশ্চিত করেছেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।
সোমবার (১৩ সেপ্টেম্বর) হলদিবাড়ি রেলস্টেশন ও রেলপথ পরিদর্শন করেছেন ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। এসময় তিনি জানান, শিগগিরই উভয় দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এই পদক্ষেপটি উভয় দেশের পর্যটন এবং অর্থনীতির পাশাপাশি তাদের উন্নয়নে সহায়তা করবে। উভয় দেশ ইতোধ্যেই যাত্রীবাহী ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে।
এদিকে, এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বলেন, উভয় দেশের যৌথ সম্মতির পরিপ্রেক্ষিতেই যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এজন্য আমরা অনানুষ্ঠানিকভাবে ভারতের কাছ থেকে মতামত জানতে চেয়েছি। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে তারা মতামত জানাবে। ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান আরও জানান, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই বাংলাদেশও ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করবে।
উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় চার মাসের নিষেধাজ্ঞার পর গত ৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন এখনও চালু করা হয়নি। সংক্রমণ পরিস্থিতির অবনতির পর থেকে ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী ট্রেন ও খুলনা-কলকাতার মধ্যে বন্ধন নামের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
